পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকানোকে গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করে নিট কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ সভা শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর এ বক্তব্যের বিষয়টি জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি স্বচ্ছ ও ত্রুটিমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দেয় এবং সরকার বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়।
কিরেন রিজিজু জানান, অভিযোগ সামনে আসার পর সরকার দ্রুত পদক্ষেপ নেয় এবং তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় পুনঃপরীক্ষার ব্যবস্থাও করা হয়।
নিট কেলেঙ্কারি ও পরীক্ষাব্যবস্থার অনিয়ম নিয়ে ভারতে বিভিন্ন মহলে সমালোচনা চলছে। এ নিয়ে কয়েকটি সংগঠন ও শিক্ষার্থীরা আন্দোলনও করছে।
আন্দোলনকারীদের পক্ষ থেকে নিট পরীক্ষার অনিয়মের তদন্ত, দায়ীদের শাস্তি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে।
এদিকে, নিট ইস্যু, পরীক্ষার অনিয়ম এবং অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়ে ভারতের সংসদের বাদল অধিবেশনের শুরুতেও উত্তেজনা দেখা দেয়। বিরোধী দলগুলোর প্রতিবাদের কারণে সংসদের কার্যক্রম ব্যাহত হয়।
সূত্র: এনডিটিভি
মন্তব্যসমূহ