জলবায়ু পরিবর্তন, নগরায়ণ ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে বিশ্বের বড় শহরগুলোতে বায়ুদূষণ বাড়ছে। এর প্রভাব পড়ছে মেগাসিটি ঢাকার বায়ুমানেও। বর্তমানে রাজধানীর বাতাসকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান সপ্তম। এদিন ঢাকার বায়ুমান সূচক ছিল ১২৮, যা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির বায়ুমান স্কোর ২৬৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ের।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৭১। তৃতীয় অবস্থানে বাহরাইনের মানামা শহরের স্কোর ১৬৫। এরপর রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় (১৫১), পাকিস্তানের লাহোর (১৩৪) এবং মিশরের কায়রো (১৩২)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকের স্কোর ০ থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত বায়ু মাঝারি মানের। ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোর হলে তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা ঝুঁকিপূর্ণ বায়ুমান হিসেবে ধরা হয়। দূষণের মাত্রা বেশি হলে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।