সরকারি হাসপাতালগুলোকে মানুষের আস্থার প্রধান জায়গা হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে হবে এবং তাদের জন্য মানসম্মত চিকিৎসা ও পর্যাপ্ত ওষুধ নিশ্চিত করতে হবে।
সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এটিই প্রথমবার কোনো প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে গিয়ে বৈঠক করেছেন বলে জানানো হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে গিয়ে যেন সাধারণ মানুষ কোনো ভোগান্তি ছাড়াই চিকিৎসা নিতে পারেন এবং চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে বাধ্য না হন। পাশাপাশি রোগীদের সেবায় চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য খাতের গত পাঁচ মাসের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।
বৈঠকে উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দায়িত্বে অবহেলা ও রোগীদের অভিযোগ নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং দায়িত্বে গাফিলতি হলে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
কিডনি রোগীদের চিকিৎসাসেবা বাড়াতে জেলা পর্যায়ে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। বর্তমানে থাকা ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টারগুলো ধাপে ধাপে ৫০ শয্যায় উন্নীত করা হবে।
এ ছাড়া আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য দক্ষ জনবল তৈরি ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ