সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার দেশটির বিচার বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিচার বিভাগের দাবি, এরফান এসফান্দিয়ারি ও গোল-মোহাম্মদ মোহাম্মদি নামের ওই দুই ব্যক্তি মধ্যাঞ্চলীয় ইসফাহান শহরে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছিলেন।
বিবৃতিতে বলা হয়, তারা কয়েকজন পুলিশ সদস্যকে বেঁধে রাখা, পাথর ছোড়া এবং আগুন দেওয়ার মতো সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।
ইরানি কর্তৃপক্ষ আরও অভিযোগ করেছে, অভিযুক্তরা ঘটনার ভিডিও ধারণ করে বিদেশি গণমাধ্যমের কাছে পাঠিয়েছিলেন। তবে তাদের গ্রেপ্তার, বিচার প্রক্রিয়া বা বয়স সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
গত ডিসেম্বরের শেষ দিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়। পরে জানুয়ারিতে তা বড় ধরনের সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
ইরান সরকার ওই সহিংসতার জন্য বিদেশি শক্তির মদদপুষ্ট গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে। অন্যদিকে, কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে।
বিক্ষোভের সময় ব্যাপক প্রাণহানির দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। তবে হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বেড়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার দিক থেকে চীনের পর ইরানের অবস্থান রয়েছে।
সূত্র: এএফপি
মন্তব্যসমূহ