ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। রোববার ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই) এক বিবৃতিতে এ দাবি করে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে সংস্থাটি জানায়, খুজেস্তান প্রদেশে অবস্থিত দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এইওআই দাবি করেছে, স্থানীয় সময় রোববার ভোরে চালানো ওই হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে। তবে হামলায় স্থাপনাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।
ইরানের পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, হামলার পর পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।
দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ ২০২২ সালে শুরু হয় বলে জানিয়েছে ইরান।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে সামরিক উত্তেজনা বেড়েছে। ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন হামলার অভিযোগের পর পাল্টা পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার দাবি করেছে তেহরান।
এর আগে সংঘাত কমানো ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে হরমুজ প্রণালি ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের উত্তেজনা আবারও বৃদ্ধি পায়।
সূত্র: দি গার্ডিয়ান
মন্তব্যসমূহ