সময় টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান ও কয়েকজন পরিচালকের বিরুদ্ধে করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ৪ আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সময় টেলিভিশন লিমিটেডের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।
শুনানি শেষে তিনি জানান, সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জুবায়ের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ‘সানী চৌধুরী’ নামে এক ব্যক্তিকে ক্ষমতাপত্র দিয়ে চেয়ারম্যানসহ পরিচালকদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন। পরে নিম্ন আদালত মামলাটি গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।
আইনজীবী জানান, পরবর্তীতে সময় টেলিভিশনের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেয় যে প্রতিষ্ঠানটি ওই মামলা পরিচালনা করবে না। কারণ, আহমেদ জুবায়েরকে এ ধরনের মামলা করার জন্য কোনো আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, মামলা প্রত্যাহারের জন্য নিম্ন আদালতে আবেদন করা হলেও তা খারিজ হয়। এরপর ওই আদেশের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৬১(এ) ধারায় হাইকোর্টে আবেদন করা হয়।
শুনানি শেষে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন এবং মামলাটি বাতিল করা হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চেয়েছেন।
শিশির মনির বলেন, কোনো প্রতিষ্ঠানের নামে মামলা করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির যথাযথ অনুমোদন থাকা প্রয়োজন। সময় টেলিভিশনের ক্ষেত্রে এমন কোনো অনুমোদন ছাড়াই মামলা করা হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
তিনি বলেন, কোম্পানির অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নামে ফৌজদারি মামলা করতে পারেন কি না, সেটি এখন হাইকোর্টের বিবেচনার বিষয়।
মন্তব্যসমূহ