রাজধানীর পল্লবীর উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের উদ্যোগে রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে দুটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।
রোববার পল্লবীর ওই দুই ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গভীর নলকূপ দুটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক বলেন, তার নির্বাচনী এলাকার প্রতিটি উর্দুভাষী ক্যাম্পে নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বছরজুড়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের কার্যক্রমও চালু থাকবে।
তিনি বলেন, উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শুধু অবকাঠামো নয়, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্ন পরিবেশ ও মৌলিক নাগরিক সুবিধার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। নতুন গভীর নলকূপ চালু হওয়ায় নিরাপদ পানির সরবরাহ বাড়বে এবং দৈনন্দিন ভোগান্তি কমবে বলে আশা করছেন তারা।
মন্তব্যসমূহ