মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হয়েছে। টানা সপ্তম রাতের মতো দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
মার্কিন বাহিনী ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে। এর জবাবে জর্ডানের আল-আজরাক এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে দাবি করেছে, আল-আজরাকের মার্কিন ঘাঁটির যুদ্ধবিমান রাখার স্থাপনা এবং একটি বড় বিমান পার্কিং এলাকায় হামলা চালানো হয়েছে।
আইআরজিসির দাবি, এই অভিযানে অন্তত দুটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি বিমানের ক্ষতি হয়েছে।
বিবৃতিতে ইরান জর্ডানের সেনাবাহিনীর প্রতি মার্কিন বাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। আইআরজিসি বলেছে, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে আগ্রাসী সামরিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
তবে ইরানের এই হামলার দাবি বা ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। জর্ডান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ঘটনায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।
সূত্র: আল-জাজিরা
মন্তব্যসমূহ