মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও উত্তপ্ত হয়ে উঠেছে। টানা সপ্তম রাতের মতো দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে। অন্যদিকে, ইরান কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে।
এদিকে ইরানের হরমোজগান প্রদেশের জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি গ্রামের একটি পানি শোধনাগারে মার্কিন হামলার অভিযোগ করেছে তেহরান। এতে ওই এলাকার প্রায় ২০টি গ্রামের ১০ হাজার মানুষের পানির সরবরাহ ব্যাহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
হরমোজগান পানি ও পয়ঃনিষ্কাশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হামজেহ পুরের বরাতে দেশটির বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
হামজেহ পুর বলেন, বুঞ্জি পানি শোধন প্ল্যান্টের সমুদ্র থেকে পানি উত্তোলনের একটি পাম্পিং স্টেশন এবং একটি বিদ্যুৎ ট্রান্সফরমার হামলায় পুরোপুরি ধ্বংস হয়েছে।
তিনি এই হামলাকে ‘একগুচ্ছ অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন।
হামজেহ পুর আরও বলেন, হামলার পর ওই এলাকার গ্রামগুলোতে তীব্র পানি সংকট তৈরি হয়েছে এবং বাসিন্দারা সুপেয় পানির সমস্যার মুখোমুখি হচ্ছেন।
তবে এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
মন্তব্যসমূহ