মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উপসাগরীয় দেশ ওমান। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সালালার প্রায় ১৯৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরের তলদেশে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
শুক্রবার সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ১ মিনিটে সৌদি আরবের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের স্টেশনগুলোতে কম্পনটি রেকর্ড করা হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ওমানের ধোফার গভর্নরেটের রাজধানী সালালার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরের নিচে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্প ‘ওয়েন ফ্র্যাকচার জোন’-এর সঙ্গে সম্পর্কিত। এটি একটি ভূ-গাঠনিক বিচ্যুতি অঞ্চল, যা আরব ও ভারতীয় টেকটোনিক প্লেটকে পৃথক করেছে। এ এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প হওয়া স্বাভাবিক বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনার কারণে সাম্প্রতিক সময়ে ওমানও আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। দেশটিতে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা এবং উপকূলীয় এলাকায় জাহাজে হামলার খবর পাওয়া গেছে।
অন্যদিকে একই দিনে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে প্রতিবেশী গুয়াতেমালা ও এল সালভাদরের বিভিন্ন এলাকায় ভবন কেঁপে ওঠে। উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতাও জারি করা হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্যসমূহ