পাবনা সদরে পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ রাতুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার চর মণ্ডলপাড়া গ্রামের পরীর মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাতুল মণ্ডলপাড়া এলাকার রাসেল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন রাতুলকে আটক করে তাঁর কাঁধে ঝোলানো কালো রঙের একটি ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাতুল জানিয়েছেন, আর্জেন্টিনা দলের বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপলক্ষে ভুরিভোজের আয়োজন করতে এলাকায় অর্থ সংগ্রহ করা হচ্ছিল। এ জন্য বিভিন্ন ব্যবসায়ী ও চাকরিজীবীর কাছ থেকে জোর করে চাঁদা আদায় করা হয়।
পুলিশের ভাষ্য, স্থানীয় মুদি ব্যবসায়ী মো. জাকির হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে তাঁর একটি অটোরিকশাও আটকে রাখা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রাতুলের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। তবে রাতুলকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।
পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, জেলায় মাদক ও অপরাধ দমনে ২৭টি চেকপোস্ট বসানো হয়েছে। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাতুলকে গ্রেপ্তার করা হয়েছে।
অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে বলেও জানান পুলিশ সুপার।
মন্তব্যসমূহ