ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংসের হুমকি ট্রাম্পের
ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছে অবস্থিত গভীর ভূগর্ভস্থ পর্বতঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র শিগগিরই ওই স্থাপনায় হামলা চালাতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
সোমবার রেডিও অনুষ্ঠান ‘হিউ হিউইট শো’-তে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র পিকঅ্যাক্স মাউন্টেন ধ্বংস করবে এবং এ বিষয়ে ইরানের প্রস্তুত থাকা উচিত। মার্কিন গোয়েন্দারা স্থাপনাটির ওপর নিবিড় নজর রাখছেন বলেও জানান তিনি।
ট্রাম্পের দাবি, বর্তমানে ওই ঘাঁটিতে উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট নতুন কোনো কার্যক্রমের তথ্য পাওয়া গেলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে।
‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ইরানে ‘কুহ-ই কোলাং গাজ লা’ নামেও পরিচিত। এটি আগের হামলায় ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছাকাছি অবস্থিত। পর্বতটির গভীরে অত্যন্ত সুরক্ষিত দুটি বড় সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে বলে বিভিন্ন বিশ্লেষণে জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, স্থাপনাটি মাটির এত গভীরে নির্মিত যে যুক্তরাষ্ট্রের প্রচলিত শক্তিশালী বাঙ্কারবিধ্বংসী বোমা দিয়েও সেটি পুরোপুরি ধ্বংস করা কঠিন হতে পারে। তবে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে শিগগিরই স্থাপনাটির বিরুদ্ধে অভিযান চালাতে পারে।
এর আগে ট্রাম্প পারস্য উপসাগরে ইরানি জাহাজের ওপর আবার অবরোধ আরোপ এবং হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে মাশুল আদায়ের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার মধ্যেই এসব ঘোষণা এসেছে।
একই সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর হামলা চালানোর হুমকি দেন। তার এসব বক্তব্যের ফলে ইরানের পারমাণবিক স্থাপনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: রয়টার্স
মন্তব্যসমূহ