থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৩ জন। তাঁদের মধ্যে ২২ জনের অবস্থা গুরুতর।
সোমবার (১৩ জুলাই) প্রথম প্রহরে ব্যাংককের উত্তরাঞ্চলের ‘রং বিয়ার না লাত ফ্রাও’ নামের পানশালায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে ব্যাপক প্রাণহানি ঘটে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ঘটনাস্থল পরিদর্শন করে ২৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। আহতদের ব্যাংককের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চের কাছাকাছি বৈদ্যুতিক সংযোগের স্থান থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর বিদ্যুৎ চলে যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো পানশালায় ছড়িয়ে পড়ে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পানশালার প্রবেশপথ দিয়ে আগুনের বিশাল শিখা বের হতে এবং আতঙ্কিত মানুষকে দৌড়ে পালাতে দেখা গেছে। জরুরি বহির্গমন পথের কয়েকটি অংশ আসবাবপত্র ও বাক্স দিয়ে বাধাগ্রস্ত ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে কর্তৃপক্ষ।
অনেকের মরদেহ পানশালার পেছনের শৌচাগার থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে তাঁরা সেখানে আশ্রয় নিয়েছিলেন। নিহতদের পরিচয় শনাক্ত এবং অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
সূত্র: রয়টার্স
মন্তব্যসমূহ