কুয়েতে সাম্প্রতিক হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে ছড়িয়ে পড়া খবর সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।
রোববার (১২ জুলাই) দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এ তথ্যের কোনো সত্যতা নেই। এটিকে ইরানের ভুয়া প্রচারণা বলেও উল্লেখ করেছে মার্কিন সামরিক বাহিনী।
সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, কয়েক দফা অভিযানে ইরানের তিন শতাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। সর্বশেষ শনিবার রাতের অভিযানে ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে সেন্টকম।
অন্যদিকে ইরান কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। তবে এসব হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার সাম্প্রতিক দাবি প্রত্যাখ্যান করেছে সেন্টকম।
এদিকে গত ১৭ জুন স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করছে ওয়াশিংটন ও তেহরান। নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ায় ওই সমঝোতার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে।
মন্তব্যসমূহ