চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলা ছাড়া দেশের অন্যান্য এলাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
রোববার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ছাড়া দেশের অন্যান্য এলাকায় পরীক্ষা যথাসময়ে চলবে।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা এবং ওই এলাকার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে।
সে অনুযায়ী ১৩ জুলাই সোমবার, ১৫ জুলাই বুধবার এবং ১৬ জুলাই বৃহস্পতিবারের এইচএসসি, আলিম, এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি, এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে।
স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
মন্তব্যসমূহ