যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যকর থাকা অবস্থায় ইরান তাদের কয়েকটি সন্দেহভাজন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা মেরামত বা পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে স্যাটেলাইট চিত্রে আভাস পাওয়া গেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। তবে স্যাটেলাইট চিত্রে দৃশ্যমান তৎপরতার উদ্দেশ্য সম্পর্কে ইরানের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
বিশ্লেষণে বলা হয়েছে, তেহরানের দক্ষিণ-পূর্বে পারচিন সামরিক কমপ্লেক্সের ভেতরে অবস্থিত ‘তালেগান-২’ স্থাপনাটিতে উল্লেখযোগ্য মেরামত ও পুনর্নির্মাণ কার্যক্রম দেখা গেছে। স্থাপনাটি অতীতে পারমাণবিক অস্ত্র তৈরিসংশ্লিষ্ট উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক পরীক্ষার সঙ্গে যুক্ত ছিল বলে পশ্চিমা বিশেষজ্ঞদের সন্দেহ।
ফেব্রুয়ারি ও মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। গত ২২ জুন ও ৭ জুলাই ধারণ করা স্যাটেলাইট চিত্রে বোমার আঘাতে সৃষ্ট গর্তের আশপাশ পরিষ্কার করা, ক্রেন ব্যবহার এবং নতুন করে কংক্রিট ঢালাইয়ের প্রস্তুতি দেখা গেছে।
ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির মতে, এসব কার্যক্রম থেকে স্থাপনাটি স্থায়ীভাবে মেরামত ও পুনর্নির্মাণের চেষ্টা করা হচ্ছে বলে ধারণা পাওয়া যায়। তবে মেরামতকাজ শুরু হলেই সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম চলছে, এমনটি নিশ্চিতভাবে প্রমাণিত হয় না।
নাতাঞ্জের কাছে অবস্থিত ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামের আরেকটি ভূগর্ভস্থ স্থাপনায়ও যানবাহনের চলাচল দেখা গেছে। ২১ জুনের স্যাটেলাইট চিত্রে কয়েকটি যানবাহনকে টানেলের প্রবেশপথে যাতায়াত করতে দেখা যায়। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এ ধরনের তৎপরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা অপরিবর্তিত রাখার শর্তের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমানো বা নিষ্পত্তির একটি প্রক্রিয়া নির্ধারণের কথা বলা হয়।
স্যাটেলাইট চিত্রে ইরানের কয়েকটি ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র স্থাপনাতেও মেরামতের আভাস পাওয়া গেছে। তবে ইসফাহান, ফোরদো ও নাতাঞ্জের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে বড় ধরনের কাজ শুরুর সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ জুলাই অন্তর্বর্তী যুদ্ধবিরতি ও সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে বলে ঘোষণা করেন। যদিও উভয় পক্ষ কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে।
সূত্র: সিএনএন
মন্তব্যসমূহ