অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে সাজাভোগ শেষে ১০ বাংলাদেশি নাগরিককে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে তাদের তামাবিল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
ইমিগ্রেশন সূত্র জানায়, ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্ত এবং সিলেটের একটি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ তাদের আটক করে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে।
পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের ভারতে কারাগারে পাঠানো হয়। সাজা শেষ হওয়ার পর বাংলাদেশ সরকারের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের নিজ দেশে ফেরত পাঠায়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার উপস্থিতিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ১০ বাংলাদেশিকে থানা পুলিশের মাধ্যমে তাদের স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র ছাড়া বিদেশে প্রবেশ না করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।
মন্তব্যসমূহ