নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে স্বস্তিতে ছিল বাংলাদেশ। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় বিপর্যয়ে পড়ে টাইগাররা।
হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিং নেয় বাংলাদেশ। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন তরুণ পেসার নাহিদ রানা। তার গতির সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে।
স্বাগতিকদের হয়ে নিউম্যান নিয়ামহুরি ৫১ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন। অধিনায়ক রিচার্ড এনগারাভা ৪১ বলে করেন ২৭ রান। ইনোসেন্ট কায়া ৩৯ বলে ২৬, বেন কারান ১৯ বলে ১৮ এবং ব্রায়ান বেনেট ২৪ বলে ১৭ রান করেন।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাহিদ রানা। ১০ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। তাসকিন আহমেদ ৭ ওভারে ৩২ রান খরচায় নেন ২ উইকেট। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নেন ১ উইকেট।
১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ১৭ রানেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ফিরে যান। ছোট লক্ষ্য হলেও দ্রুত উইকেট হারানোয় ম্যাচে চাপ তৈরি হয় সফরকারীদের ওপর।
এর আগে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ব্যাটিং বিপর্যয়ের কারণে ইনিংস ও ৮৫ রানে হেরেছিল বাংলাদেশ। সেই ধাক্কা কাটিয়ে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামে টাইগাররা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।
মন্তব্যসমূহ