রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ককটেল ও পেট্রোল বোমার অংশবিশেষ, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির বিভিন্ন বিভাগ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ১১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৯ জন, তেজগাঁওয়ে ৬৭ জন, মতিঝিলে ৪৬ জন, উত্তরা বিভাগে ৪৪ জন এবং লালবাগে ৪৩ জন গ্রেপ্তার হয়েছেন।
অন্যদিকে গুলশান বিভাগে ৩০ জন, রমনায় ১৭ জন এবং গোয়েন্দা পুলিশের অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে পাঁচটি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।
পাশাপাশি ৩ হাজার ৫২০টি ইয়াবা, ৯৬ গ্রাম গাঁজা এবং ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ছাড়া একটি চায়নিজ কুড়াল ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।














মন্তব্যসমূহ