রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫৪ জন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এসব অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি, ককটেল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।ডিএমপি জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর এলাকায়। ডিএমপির মিরপুর বিভাগের অভিযানে ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়।এ ছাড়া রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন এবং তেজগাঁও বিভাগে ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গুলশান বিভাগে ৪৫ জন এবং উত্তরা বিভাগে ৪১ জন গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) একজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানিয়েছে, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত চারটি ককটেলের অংশবিশেষ পাওয়া গেছে।অস্ত্র ও বিস্ফোরকসদৃশ আলামতের পাশাপাশি বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা।এ ছাড়া অভিযান চলাকালে একটি বাস, ব্যাংকের তিনটি কার্ড, ১১টি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৯৬৫ টাকা উদ্ধার করা হয়েছে।ডিএমপি আরও জানিয়েছে, এসব অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে। তবে ওই ব্যক্তিকে কোথা থেকে এবং কী পরিস্থিতিতে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।