সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালেকের বাড়িতে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটেছে। ভোররাতে বাড়ির টিনের চাল লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপের পর আগুন ধরে যায়। এ সময় সংসদ সদস্য ও তাঁর স্ত্রী বাড়িতেই অবস্থান করছিলেন। তবে নিরাপত্তাকর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত সংসদ সদস্যের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অজ্ঞাত ব্যক্তিরা বাড়িটির টিনের চাল লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। বোমা নিক্ষেপের পর বাড়ির কিছু অংশে আগুন ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা আগুন নেভানোর উদ্যোগ নেন।
তাঁদের দ্রুত তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বাড়িতে অবস্থানরত সংসদ সদস্য ও তাঁর স্ত্রীর কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। বাড়ির কিছু অংশে আগুন লাগলেও বড় ধরনের সম্পদের ক্ষতি হয়নি বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের ডিসি (সিটিএসবি) ও গণমাধ্যম কর্মকর্তা আফজাল হোসেন।
তিনি জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এই হামলার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারেন। তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।














মন্তব্যসমূহ