তাবলিগ জামাতের একাংশের আমির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভির কিছু বক্তব্য ও ধর্মীয় ব্যাখ্যা নিয়ে দারুল উলুম দেওবন্দের আপত্তির কারণ ব্যাখ্যা করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ মুহাদ্দিস মাওলানা সালমান বজুনুরি নকশবন্দি। তাঁর দাবি, মাওলানা সাদের কয়েকটি বক্তব্যে আকিদাগত বিচ্যুতি রয়েছে এবং সেগুলো দেওবন্দের পূর্বসূরি আলেমদের প্রতিষ্ঠিত চিন্তাধারা ও কর্মপদ্ধতির সঙ্গে সাংঘর্ষিক।
সম্প্রতি দেওয়া এক ব্যাখ্যামূলক বক্তব্যে এসব কথা বলেন তিনি। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
সালমান বজুনুরি বলেন, মাওলানা সাদের বিরুদ্ধে দেওবন্দের আপত্তি কোনো ব্যক্তিগত বিরোধ, পারিবারিক দ্বন্দ্ব কিংবা অর্থনৈতিক স্বার্থের কারণে তৈরি হয়নি। মূলত তাঁর কিছু ধর্মীয় বক্তব্য ও চিন্তাধারা নিয়ে আলেমদের আপত্তি রয়েছে।
তিনি জানান, মাওলানা সাদ এমন একটি পরিবারের সদস্য, যে পরিবার দেওবন্দের আলেমদের কাছে দীর্ঘদিন ধরে সম্মানিত। তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকলেও ধর্মীয় ব্যাখ্যায় ভুল মনে হলে তা নিয়ে কথা বলা আলেমদের দায়িত্ব।
বজুনুরির মতে, কোরআন-সুন্নাহর আলোকে ধর্মীয় ব্যাখ্যা পর্যালোচনা করা এবং ভুল মনে হওয়া বক্তব্যের সংশোধন চাওয়া দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের নীতি। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি ঘনিষ্ঠ বা সম্মানিত পরিবারের সদস্য হলেও তাঁকে সমালোচনার বাইরে রাখা যায় না।
তাবলিগ জামাতের কর্মপদ্ধতি নিয়ে অতীতের আলোচনার প্রসঙ্গও তুলে ধরেন এই মুহাদ্দিস।
তিনি বলেন, মাওলানা মুহাম্মদ ইলিয়াসের সময় থেকেই তাবলিগের বিভিন্ন আমল ও কর্মপদ্ধতির শ্রেণিবিন্যাস নিয়ে আলেমদের মধ্যে আলোচনা ও আপত্তি ছিল। এসব বিষয়ে পরবর্তী সময়ে বিভিন্ন রিসালা ও গ্রন্থ রচনা করা হয়েছে।
তাঁর বক্তব্য অনুযায়ী, শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া এসব প্রশ্নের জবাবে পৃথক রিসালা লিখেছিলেন। মাওলানা মানজুর নোমানি এবং মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভিও বিভিন্ন সময়ে তাবলিগের কার্যক্রম সংশোধনের উদ্যোগে ভূমিকা রেখেছেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ১৯৫৩ সালে প্রকাশিত আল-ফুরকান পত্রিকার সংশ্লিষ্ট সংখ্যার উল্লেখ করেন সালমান বজুনুরি।
তবে মাওলানা সাদের সাম্প্রতিক কয়েকটি বক্তব্যকে অতীতের কর্মপদ্ধতিগত মতবিরোধের চেয়ে গুরুতর বলে মনে করেন তিনি।
তাঁর অভিযোগ, এসব বক্তব্যের কিছু অংশ শুধু সাধারণ ভুলের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সেগুলোতে দেওবন্দের পূর্বসূরি আলেমদের প্রতিষ্ঠিত পদ্ধতি থেকে বিচ্যুতি এবং আকিদাসংশ্লিষ্ট প্রশ্নও তৈরি হয়েছে।
বজুনুরি মনে করেন, বিতর্কিত বক্তব্যগুলোর গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া কঠিন। এ কারণে সাদের উচিত নিজের বক্তব্য ও চিন্তাধারা নতুন করে পর্যালোচনা করা।
এদিকে দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানির সাম্প্রতিক বক্তব্য নিয়েও ব্যাখ্যা দিয়েছেন সালমান বজুনুরি।
তিনি জানান, মুহতামিমের একটি দরসের বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝির আশঙ্কা তৈরি হয়েছিল। পরে মুহতামিম চার মিনিটের একটি অডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন।
সালমান বজুনুরির মতে, দারুল উলুম দেওবন্দের প্রাতিষ্ঠানিক অবস্থান বোঝার ক্ষেত্রে মুহতামিমের আনুষ্ঠানিক বক্তব্যকেই গুরুত্ব দিতে হবে।
এর আগে ২৩ নভেম্বর দেওয়া বক্তব্যের পর প্রকাশিত ব্যাখ্যায় মুফতি আবুল কাসেম নোমানি জানিয়েছিলেন, তাঁদের আপত্তি সামগ্রিকভাবে তাবলিগ জামাতের বিরুদ্ধে নয়। বরং মাওলানা সাদের নির্দিষ্ট কিছু বক্তব্য, চিন্তাধারা ও অনুসারীদের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ রয়েছে।
সালমান বজুনুরি আরও বলেন, মাওলানা সাদ সাম্প্রতিক সময়ে ভালোবাসা ও ঐক্যের কথা বললেও এতে মূল মতবিরোধের সমাধান হচ্ছে না।
তাঁর দাবি, মাওলানা সাদের বক্তব্য ও অবস্থানকে কেন্দ্র করে দেওবন্দের আলেমদের মধ্যে বিভক্তি এবং তাবলিগের কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি অন্যদের সুযোগ নেওয়ার ক্ষেত্রও তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।
মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশে বজুনুরি বলেন, এ ধরনের মতবিরোধে আবেগের পরিবর্তে ধর্মীয় জ্ঞান ও দলিলকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি কোরআন-সুন্নাহ এবং দেওবন্দের পূর্বসূরি আলেমদের ব্যাখ্যা ও কর্মপদ্ধতি গভীরভাবে অধ্যয়নের পরামর্শ দেন। ব্যক্তিগত সম্পর্ক বা কারও প্রতি অনুরাগের ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে ইলমি পদ্ধতিতে বিষয়গুলো মূল্যায়নের আহ্বান জানান।
বক্তব্যের শেষাংশে সালমান বজুনুরি স্পষ্ট করেন, তাঁদের আপত্তি কোনো ব্যক্তির প্রতি শত্রুতা থেকে নয়। ধর্মীয় চিন্তাধারা ও ব্যাখ্যার ক্ষেত্রে যেসব বিষয় ভুল মনে হচ্ছে, সেগুলোর সংশোধনই তাঁদের উদ্দেশ্য।
তাঁর মতে, দারুল উলুম দেওবন্দের দায়িত্ব হলো ধর্মীয় শিক্ষার ধারাবাহিকতা এবং পূর্বসূরি আলেমদের প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি সংরক্ষণ করা।














মন্তব্যসমূহ