সীতাকুণ্ড উপকূলকেন্দ্রিক জাহাজভাঙা শিল্পের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মান অর্জনে সরকার উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা দেবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবুল মুক্তাদির।
সোমবার সকালে চট্টগ্রামের বিভিন্ন শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিল্প খাতে বিদ্যমান গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার এ সংকট উত্তরাধিকারসূত্রে পেয়েছে। রাতারাতি গ্যাস উৎপাদন বাড়ানো সম্ভব নয়। তবে দ্রুত উৎপাদন বাড়াতে সরকার বিশেষ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।
তিনি বলেন, বর্তমান পাইপলাইন অবকাঠামোর সক্ষমতা সীমিত হওয়ায় এখনই অতিরিক্ত গ্যাস সরবরাহ করা সম্ভব নয়। শুধু আমদানির মাধ্যমে এ সংকটের স্থায়ী সমাধান হবে না। তাই দেশীয় উৎপাদন বাড়ানোকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
জাহাজভাঙা শিল্প নিয়ে খন্দকার আবুল মুক্তাদির বলেন, বাংলাদেশকে আবারও বিশ্বে জাহাজভাঙা শিল্পের শীর্ষ অবস্থানে নিতে সরকার কাজ করছে। এ খাতে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, শ্রমিকদের নিরাপত্তা এবং কর্মপরিবেশ আগের তুলনায় উন্নত হয়েছে।
তবে বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী শিল্প পরিচালনার জন্য উদ্যোক্তাদের গ্রিন সার্টিফিকেশন গ্রহণ করতে হবে বলে জানান তিনি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে সরকার প্রস্তুত রয়েছে।
পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিপইয়ার্ড মালিকরা ব্যাংক খাতের তারল্য সংকট, নীতিগত কিছু সিদ্ধান্ত এবং জাহাজভাঙা শিল্পের বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
মন্তব্যসমূহ