কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যতই শক্তিশালী হয়ে উঠুক, মানুষের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার কিংবা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তার হাতে তুলে দেওয়া উচিত নয়। এমন সতর্কবার্তা দিয়েছেন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। তার মতে, এআই ব্যবহারের ক্ষেত্রে গণতান্ত্রিক নিয়ন্ত্রণ বজায় রাখা জরুরি। অন্যথায় এই প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা মানবজাতির জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন তিনি। এআইয়ের কাছে মানুষের স্বাধীন ইচ্ছা সমর্পণের ধারণাকে সরাসরি প্রত্যাখ্যান করেন অ্যানথ্রপিকপ্রধান।
মূলত যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এ বক্তব্য দেন আমোদেই। ওই প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাতে দাবি করা হয়, অ্যানথ্রপিকের ভেতরে এমন একটি ধারণা রয়েছে যে ভবিষ্যতে এআই মানুষের চেয়ে অনেক বেশি দক্ষ হয়ে উঠলে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তার হাতে ছেড়ে দেওয়া যুক্তিসংগত হতে পারে।
তবে এই ব্যাখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করে আমোদেই বলেন, তিনি যদি সত্যিই এআইয়ের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তুলে দেওয়াকে সমর্থন করতেন, তাহলে প্রকাশ্যেই সেই অবস্থান জানাতেন। অতীতেও বিভিন্ন অজনপ্রিয় মতামত প্রকাশে তিনি পিছপা হননি। কিন্তু মানুষের স্বাধীনতা ও শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ এআইয়ের হাতে দেওয়াকে তিনি বিপজ্জনক ধারণা বলে মনে করেন।
আমোদেইর বক্তব্য এমন এক সময়ে সামনে এসেছে, যখন প্রযুক্তিবিশ্বে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এজিআই এবং কৃত্রিম অতিমানবীয় বুদ্ধিমত্তা বা এএসআই নিয়ে আলোচনা বাড়ছে। এজিআই বলতে এমন এআইকে বোঝানো হয়, যা মানুষের মতো বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক কাজ করতে সক্ষম। অন্যদিকে এএসআই হলো এমন একটি সম্ভাব্য প্রযুক্তি, যার সক্ষমতা মানুষের সর্বোচ্চ বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যেতে পারে।
এ ধরনের উন্নত এআই ভবিষ্যতে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কি না, তা নিয়ে গবেষক ও প্রযুক্তিবিদদের মধ্যে বিতর্ক রয়েছে। বিশেষ করে মানুষের সরাসরি সহায়তা ছাড়াই এআই নিজের সক্ষমতা উন্নত করতে পারলে নতুন ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
তবে আমোদেই মনে করেন, এআইকে দিয়ে জটিল কাজ করানো এবং মানুষের ওপর শাসনক্ষমতা প্রয়োগের অধিকার দেওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। গাড়ি চালানো, নতুন ওষুধ উদ্ভাবন কিংবা সফটওয়্যার তৈরি করার মতো কাজে এআইয়ের ব্যবহার সমাজ ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সুফল বয়ে আনতে পারে।
তার মতে, চিকিৎসা, পরিবহন, জ্বালানি ও প্রযুক্তি খাতে উন্নত এআই ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়ানো এবং বহু মানুষের জীবন বাঁচানোর সুযোগ রয়েছে। কিন্তু সেই সম্ভাবনাকে রাষ্ট্র পরিচালনা কিংবা মানুষের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের বিকল্প হিসেবে দেখা উচিত নয়।
অন্যদিকে অ্যাক্সিওসের প্রতিবেদনে দাবি করা হয়, মানুষের তুলনায় এআই কোনো কাজ অনেক বেশি দক্ষতার সঙ্গে করতে পারলে সেখানে প্রযুক্তিটিকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না দেওয়া অযৌক্তিক হতে পারে। বিশেষ করে জটিল রোগের চিকিৎসা উদ্ভাবনের মতো ক্ষেত্রে এমন যুক্তি প্রযোজ্য হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে আমোদেই জানিয়েছেন, এ ধরনের নির্দিষ্ট কাজে এআই ব্যবহারের পক্ষে থাকলেও বৃহত্তর শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা প্রয়োজন।
এদিকে অ্যানথ্রপিক সম্প্রতি শেয়ারবাজারে যাত্রা শুরু করে প্রযুক্তি ও বিনিয়োগজগতে আলোচনায় এসেছে। গত ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের নাসডাক শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হয়। ইতিহাসের বৃহত্তম প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে প্রবেশ করেছে।
এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির মধ্যে আমোদেইর বক্তব্য নতুন করে সামনে এনেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের চেয়ে বেশি দক্ষ হয়ে উঠলেও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কতটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া উচিত এবং সেই ক্ষমতার ওপর গণতান্ত্রিক নিয়ন্ত্রণ কীভাবে নিশ্চিত করা সম্ভব?
সূত্র : আল জাজিরা,














মন্তব্যসমূহ