বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এই নৈশভোজে বাংলাদেশের সফররত সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও অংশ নেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তান সফরের অংশ হিসেবে এর আগে বুধবার (২৫ নভেম্বর) দেশটির পার্লামেন্ট হাউস পরিদর্শন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও এ পরিদর্শনে অংশ নেন।
বাংলাদেশের প্রতিনিধিদল পাকিস্তানের সংসদ ভবনে পৌঁছালে তাঁদের স্বাগত জানান দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য এবং পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পাকিস্তানের পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে একটি ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের চারা রোপণ করেন বাংলাদেশের স্পিকার।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ ও পাকিস্তানের শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করা হয় মোনাজাতে।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বাংলাদেশের স্পিকার প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদের হলরুম পরিদর্শন করেন।
এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক দেশটির সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাংলাদেশের প্রতিনিধিদলকে অবহিত করেন। জাতীয় পরিষদ হলরুমের ঐতিহাসিক গুরুত্ব এবং পাকিস্তানের আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা করেন তিনি।
সফরের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় পর্যায়ে যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে।














মন্তব্যসমূহ