পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মধ্যেই রাশিয়া থেকে এসেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে কঠোর নিরাপত্তার মধ্যে জ্বালানিবাহী তিনটি বিশেষায়িত লরি বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় প্রবেশ করে।
ভোর ৫টা ৪৮ মিনিটে লরিগুলো রূপপুরে পৌঁছায়। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় জ্বালানির চালানটি প্রকল্প এলাকায় নেওয়া হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন চালান পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন চালানসহ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের জন্য মোট আটটি জ্বালানি চালান পৌঁছেছে। এর মধ্যে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান রয়েছে।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি আনা হবে। এগুলো পরিবহনের জন্য সাতটি কার্গো ফ্লাইটের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও ৪৮টি ফুয়েল অ্যাসেম্বলি দুটি কার্গো ফ্লাইটে আনার কথা রয়েছে।
এই পরিকল্পনা অনুযায়ী, দুই ইউনিটের জন্য মোট ২১১টি ফুয়েল অ্যাসেম্বলি নয়টি চালানে বাংলাদেশে পৌঁছানোর কথা।
এদিকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে জাতীয় গ্রিডে পুনরায় বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হয়। এই পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানিয়েছেন, দ্বিতীয় দফার পরীক্ষামূলক কার্যক্রম ১০ থেকে ২৪ ঘণ্টা পরিচালনার পরিকল্পনা রয়েছে। এই সময় বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হবে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট।
সেদিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করা হয়। প্রথম পরীক্ষায় কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
প্রথম পরীক্ষামূলক কার্যক্রমের পর দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কেন্দ্রটির উৎপাদন ও পরিচালনাব্যবস্থা পর্যবেক্ষণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ভিভিইআর-১২০০ মডেলের পারমাণবিক রিঅ্যাক্টর রয়েছে। প্রতিটি ইউনিটের নির্ধারিত বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।
দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
প্রকল্পসংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে আগামী ২০২৭ সালের প্রথমার্ধে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে।
তবে এই লক্ষ্য অর্জন নির্ভর করবে চলমান পরীক্ষাগুলোর সফল সমাপ্তি এবং প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতির ওপর।
রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে পর্যায়ক্রমে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে।
এরই মধ্যে নতুন জ্বালানি চালান পৌঁছানো এবং প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ রূপপুর প্রকল্পের চলমান কার্যক্রমের দুটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে সামনে এসেছে।














মন্তব্যসমূহ