নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ বাহিনীর সমন্বয়ে আয়োজিত যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনীও দেখবেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাঁর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষ বাহিনীর সমন্বয়ে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ আয়োজন করা হয়েছে। মঙ্গলবার এই মহড়ার চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশেষ এই সামরিক মহড়ায় অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষ যুদ্ধদল সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর যৌথ অংশগ্রহণে অনুশীলনটি পরিচালিত হবে। প্রধানমন্ত্রী মহড়াস্থলে উপস্থিত থেকে অনুশীলনের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
সফরের অংশ হিসেবে তিনি সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা এবং সদস্যদের কার্যক্রমও পরিদর্শন করবেন।
পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের একটি প্রদর্শনী ঘুরে দেখার কর্মসূচি রয়েছে তাঁর। সেখানে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শনের কথা রয়েছে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত স্বর্ণদ্বীপ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক প্রশিক্ষণ ও অনুশীলনের জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ এলাকা। স্থানীয়ভাবে দ্বীপটি ‘জাহাইজ্জার চর’ নামেও পরিচিত।
প্রদত্ত সফরসূচি অনুযায়ী, স্বর্ণদ্বীপে এই প্রথম কোনো সরকারপ্রধান তিন বাহিনীর যৌথ বিশেষ সামরিক মহড়া সরেজমিনে পরিদর্শন করতে যাচ্ছেন।
এর আগে স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ও সামরিক অনুশীলন অনুষ্ঠিত হলেও এবারের আয়োজন তিন বাহিনীর বিশেষ বাহিনীর সমন্বিত অংশগ্রহণের কারণে আলাদা গুরুত্ব পাচ্ছে।
মহড়ার চূড়ান্ত অনুশীলন ও সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।














মন্তব্যসমূহ