পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পাকিস্তানের স্পিকার নিজেই।
সোমবার (২৩ নভেম্বর) রাতে সংসদীয় প্রতিনিধিদলসহ ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিমানবন্দরে বাংলাদেশের স্পিকারকে অভ্যর্থনা জানানোর সময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো উপস্থিত ছিলেন।
এ ছাড়া পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় জানিয়েছে, সরকারি সফরের অংশ হিসেবে হাফিজ উদ্দিন আহমদ ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
এর আগে সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেন স্পিকার। সফর শেষে আগামী ২৯ নভেম্বর তাঁর নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
পাকিস্তানের জাতীয় পরিষদের পক্ষ থেকে এই সফরকে দুই দেশের সংসদীয় সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে। দেশটির জাতীয় পরিষদের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের কোনো জাতীয় সংসদের স্পিকারের এটি প্রথম পাকিস্তান সফর এবং দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ থেকে একটি সংসদীয় প্রতিনিধিদল দেশটি সফর করছে।
সফরে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারসহ দেশটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধিদলের যোগাযোগ ও বৈঠকের কর্মসূচি রয়েছে।
দুই দেশের সংসদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরিতে এই সফর ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্ট পক্ষগুলো আশা করছে।














মন্তব্যসমূহ