প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় ঐক্য নিয়ে সংলাপে অংশ নিতে সচিবালয়ে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদল। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টার দিকে দলটির নেতারা সচিবালয়ে প্রবেশ করেন।
এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি সংলাপে অংশ নিতে এসেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর দপ্তরে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসাইন সিএফ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতার অভিযোগের পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
ওই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
এ বিষয়ে একই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা। তাঁদের আলোচনায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমন্বয় ও জাতীয় ঐক্যের বিষয়টি উঠে আসে।
এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদের সঙ্গে আলোচনার আয়োজন করা হয়েছে।














মন্তব্যসমূহ