কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দলকে ব্যক্তি স্বার্থ পরিহার করে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। পাশাপাশি আওয়ামী লীগ দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করে বলে মন্তব্য করে দলটির সাম্প্রতিক জ্বালাও-পোড়াও ও সহিংস কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, ‘আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। কিন্তু আজকে আওয়ামী লীগের আচরণের মাধ্যমে এটাতে দেশ-মানুষের কল্যাণের রাজনীতি বোঝা যাচ্ছে না। এসব জ্বালাও-পোড়াও দেশকে ধ্বংস করার একটি প্রক্রিয়া। আসুন আমরা সবাই বিএনপি, আওয়ামী লীগসহ যত রাজনৈতিক দল আছে সবাই একসাথে বসি। আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি, এ দেশের ভালো-মন্দের সাথে আমরা জড়িত। আমরা চাই এ দেশটা সুন্দর দেশ হবে, সবাই একসাথে কাজ করব এবং সকল ব্যক্তি স্বার্থ পরিহার করব।’
নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে রেজাউল করিম আরও বলেন, আপনারা এ দেশেরই সন্তান; কিন্তু আওয়ামী লীগের নামে যেসব কর্মকাণ্ড ঘটছে, সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য রাজনীতি হতে পারে না। ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও থানায় আগুন দেওয়ার মতো ঘটনা কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সে প্রশ্নও তোলেন তিনি।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে হতাশা প্রকাশ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশায় ছাত্র-জনতা জীবন দিয়েছিলেন, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। তিনি বলেন, ‘দুঃখের সাথে বলতে হয় আমরা ভুল করেছি। যাদেরকে আমরা রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসালাম, পুরোনোরাই নতুনভাবে শাড়ি পরে চেয়ারে বসেছে।’
ক্ষমতাসীন বিএনপির উদ্দেশে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগে গণভোটের রায় বাস্তবায়নসহ আপনাদের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন। বিএনপি ক্ষমতায় আসার প্রায় এক বছর হতে চললেও গণভোটের রায় বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করে তিনি বলেন, জনগণের রায় উপেক্ষা করে দেশ পরিচালনা করা সম্ভব নয়। বর্তমান ও অতীতের সরকারগুলোর নীতি ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি ইসলামি আদর্শে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান।
এ ছাড়া ভোলার দীর্ঘদিনের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে রেজাউল করিম বলেন, দ্বীপজেলা ভোলাকে মেহেন্দিগঞ্জ-হিজলা হয়ে সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার সরকারি চিন্তাভাবনা পরিবর্তন করা উচিত। ভোলাবাসী ভোলা-বরিশাল সরাসরি সেতু চায় এবং সেতুটি ভোলা ও বরিশালের মধ্য দিয়েই নির্মাণ করতে হবে বলে দাবি জানান তিনি।














মন্তব্যসমূহ