দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে তিনি বলেছেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ ও প্রতিরোধ করা হবে। প্রয়োজনে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। দেশজুড়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
ইকবাল হোসাইন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল কয়েক দিন ধরে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। থানা লুট, অগ্নিসংযোগ, চোরাগোপ্তা হামলা এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতির মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানান তিনি।
আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা দেশ থেকে পালিয়ে গেছেন। আপনাদের নেতারা বিদেশে বসে মুরগির রান খাচ্ছেন। আর আপনাদের ভাঙচুর করতে উসকানি দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘অনেক সহ্য করেছি, কিন্তু এখন আর সহ্য করব না। আমরা প্রতিবাদ করব, প্রতিহত করব, প্রয়োজনে প্রতিশোধ নেব। দেশে অরাজকতা করতে দেওয়া হবে না।’
আওয়ামী লীগের চলমান রাজনৈতিক কর্মসূচির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী। তাঁর দাবি, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দলটির কাছে গ্রহণযোগ্য কোনো ইস্যু নেই। দেশ স্বাভাবিকভাবে চলছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কোন ইস্যুতে এসব করছেন? আপনাদের কোনো ইস্যু নেই। দেশ ভালো চলছে।’
প্রতিমন্ত্রী জানান, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে। এ প্রসঙ্গে প্রয়োজনে মারধর ও গ্রেপ্তারের কথাও বলেন তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকার ঘোষণা দেন।
বিএনপির সাংগঠনিক শক্তির কথা তুলে ধরে ইকবাল হোসাইন বলেন, দলটির হাজার হাজার নেতাকর্মী মাঠে রয়েছেন। বিএনপিকে দুর্বল মনে করা ভুল হবে বলে মন্তব্য করেন তিনি।
তাঁর ভাষায়, দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে বিএনপি এতদিন সংযম দেখিয়েছে। তবে এই অবস্থানকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা উচিত নয়।
দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই বিএনপির প্রত্যাশা বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিরোধের হুঁশিয়ারি দেন তিনি।














মন্তব্যসমূহ