উপমহাদেশের সংগীত ও চলচ্চিত্রজগতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও শবনমকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। প্রয়াত সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে তাঁদের এই স্বীকৃতি দেওয়া হয়।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির আয়োজক ছিল সুরগম সাউন্ড স্টেশন। সহযোগিতায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি সংগীতশিল্পী রুনা লায়লা ও অভিনেত্রী শবনমের হাতে সম্মাননা তুলে দেন।
দীর্ঘ সংগীতজীবনে অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে রুনা লায়লাকে এই সম্মাননা দেওয়া হয়। অন্যদিকে চলচ্চিত্র ও অভিনয়জগতে দীর্ঘদিনের অবদানের জন্য একই স্বীকৃতি পান অভিনেত্রী শবনম।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টেও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। সেখানে তিনি বশির আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়টি উল্লেখ করেন।
প্রয়াত শিল্পী বশির আহমেদের স্মৃতি ও সংগীতে তাঁর অবদানকে ঘিরে এই সম্মাননা আয়োজনের সূচনা করেন তাঁর দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশির।
এবারের আয়োজনে একই মঞ্চে সংগীত ও চলচ্চিত্রের দুই প্রখ্যাত শিল্পীকে আজীবন সম্মাননায় ভূষিত করা হলো।














মন্তব্যসমূহ