মিরপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে শুরু হওয়া এ আন্দোলনের কারণে মিরপুর-১০সহ আশপাশের বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।পুলিশ জানিয়েছে, আশপাশের কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। মিরপুরের একাধিক স্থানে সড়ক অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা।মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এ তথ্য জানিয়েছেন।এদিকে, শ্রমিকদের অবরোধের কারণে সৃষ্ট যান চলাচলের বিঘ্ন মোকাবিলায় কাজ করছে পুলিশ। ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক সদস্যরা দায়িত্ব পালন করছেন।একই সঙ্গে এসব সড়ক ব্যবহারকারী চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার এবং চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।এর আগে গত বৃহস্পতিবারও ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার একই দাবিতে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন পোশাক শ্রমিকরা। সপ্তাহের শেষ কর্মদিবসে ওই আন্দোলনের কারণে সৃষ্ট তীব্র যানজটে দুর্ভোগে পড়েন সংশ্লিষ্ট সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা।