জাতীয় সংসদের কার্যক্রম আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের জন্য দরপত্র আহ্বানের পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদীয় কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, কার্যক্রমের গতি বৃদ্ধি এবং প্রকল্পের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় নিশ্চিত করার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
কমিটির সদস্যরা প্রকল্পের আওতায় নির্ধারিত কাজগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বাস্তবায়ন কার্যক্রম যাতে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।
বৈঠকে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নের বিষয়টিও গুরুত্ব পায়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রস্তাবনা, সম্ভাব্যতা সমীক্ষা এবং সংসদীয় কমিটির পর্যবেক্ষণ পর্যালোচনা করা হয়।
সাউন্ড সিস্টেম প্রকল্পের দরপত্রে মনিটরের আকার ১০ থেকে ১৪ ইঞ্চি উল্লেখ থাকলেও সেটি পরিবর্তন করে কমপক্ষে ১৪ ইঞ্চি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক মানদণ্ড ও গ্রহণযোগ্যতার বিষয় বিবেচনায় প্রকল্পের একটি বাস্তবায়ন পরিকল্পনা তৈরির উদ্যোগ নিয়েছে কমিটি।
এ লক্ষ্যে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটির সদস্যরা হলেন লুৎফুল্লাহেল মাজেদ, মোহাম্মদ নাজিবুর রহমান ও আন্না মিন্জ।
উপকমিটিকে প্রকল্পের বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন মূল কমিটির কাছে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মীর আহমাদ বিন কাসেম, মোহাম্মদ নাজিবুর রহমান, লুৎফুল্লাহেল মাজেদ এবং আন্না মিন্জ।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্পের মাধ্যমে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।














মন্তব্যসমূহ