সুন্দরবনের গহিন অরণ্যে মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বনদস্যুদের একটি দল ডাকাতির উদ্দেশ্যে এসব অস্ত্র মজুত করেছিল বলে জানিয়েছে বাহিনীটি। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতাধীন শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।
কোস্টগার্ড জানায়, সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ এবং উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এগুলো হলো ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’।
এই অভিযানগুলোর অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শরবতখালী খালের পাশে বনের গভীরে একটি দস্যু দলের অস্ত্র মজুতের সন্ধান পাওয়া যায়।
কোস্টগার্ডের কাছে তথ্য ছিল, দস্যু দলটি এসব অস্ত্র ব্যবহার করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
পরে কোস্টগার্ড বেইস মোংলা এবং বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথভাবে নির্ধারিত এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে বনের ভেতরে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান এবং দুটি দেশীয় ওয়ান শুটারগান। এ ছাড়া চারটি একনলা বন্দুকের পাইপও পাওয়া গেছে।
গোলাবারুদের মধ্যে উদ্ধার হয়েছে ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি।
অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি ঘটনাস্থল থেকে দুটি ওয়াকিটকি সেটও উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা।
তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট বনদস্যু দলের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে কোস্টগার্ড। ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।














মন্তব্যসমূহ