কাতারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বিশেষ করে দক্ষ ও আধা-দক্ষ জনশক্তির জন্য বিভিন্ন খাতে চাকরির সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছে সরকার।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে এ বিষয়ে আলোচনা হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকের বিস্তারিত জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সম্ভাবনাগুলো আরও কার্যকরভাবে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
হুমায়ুন কবির জানান, কাতারের বিভিন্ন খাতে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আগ্রহী বাংলাদেশ। এ লক্ষ্যে শ্রমবাজারে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
অন্যদিকে কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি দেশটির অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। তিনি বাংলাদেশি কর্মীদের পরিশ্রম, নিষ্ঠা ও মর্যাদার কথা তুলে ধরেন।
সাক্ষাতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।
এ সময় কাতারের রাষ্ট্রদূত দোহায় অনুষ্ঠেয় একটি আসন্ন সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণপত্র পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের হাতে তুলে দেন।
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফির পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সম্পৃক্ততা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয় দুই পক্ষ।
রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশের প্রতি সমর্থন দেওয়ায় কাতার সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগে কাতারের সহযোগিতা ও সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বৈঠকে বাংলাদেশ ও কাতার বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।














মন্তব্যসমূহ