ইরানে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশ সহযোগিতা করেছে বলে অভিযোগ তুলেছে তেহরান। ইরানের দাবি, এসব দেশের সম্পৃক্ততার সুনির্দিষ্ট ও নথিভুক্ত প্রমাণ তাদের কাছে রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোকে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি জানানোও হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি জানান, আঞ্চলিক দেশগুলোর ভূমিকার বিষয়টি ইরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
বাঘেইয়ের অভিযোগ, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ও সামরিক স্থাপনা ব্যবহারের সুযোগ দিয়েছে অঞ্চলের কয়েকটি দেশ। এসব ঘাঁটি থেকে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান পরিচালনা করেছে। পাশাপাশি প্রয়োজনীয় রসদ ও অন্যান্য লজিস্টিক সহায়তাও দেওয়া হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, হামলায় আঞ্চলিক দেশগুলোর সহযোগিতার ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য পাঠিয়েছে তেহরান।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর ইরানও পাল্টা অভিযান শুরু করে। এর অংশ হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে তেহরান।
ইসমাইল বাঘেইয়ের দাবি, এসব পাল্টা হামলা পরিচালিত হয়েছে জাতিসংঘ সনদের ৫১ নম্বর ধারায় স্বীকৃত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে। তার বক্তব্য অনুযায়ী, ইরানের লক্ষ্য কোনো প্রতিবেশী রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ন করা ছিল না।
বরং যেসব সামরিক স্থাপনা থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে, সেসব মার্কিন ঘাঁটি ও সামরিক সম্পদই তেহরানের লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেন তিনি।
এদিকে ইরানের এমন অভিযোগের আগে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) তেহরানের বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি তুলেছে।
গত শুক্রবার (১৩ নভেম্বর) জিসিসির পক্ষ থেকে বলা হয়, উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ডে ইরানের সামরিক হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে তেহরানকে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও এই দাবি তুলে ধরেন জোটটির মহাসচিব।
তবে জিসিসির এই দাবির বিপরীতে ইরান পাল্টা অভিযোগ করেছে, আঞ্চলিক দেশগুলোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে সহযোগিতা করেছে।
তেহরানের অবস্থান অনুযায়ী, যারা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা দিয়েছে, তাদেরও সেই কর্মকাণ্ডের দায় বহন করতে হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এই বক্তব্যের মধ্য দিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তেহরানের ক্ষতিপূরণ ও সামরিক সম্পৃক্ততা নিয়ে বিরোধ নতুন মাত্রা পেয়েছে।
সূত্র : আল জাজিরা














মন্তব্যসমূহ