মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করায় রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগও তিনি হারিয়েছেন বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর।
রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কথিত শর্ত নিয়ে প্রকাশিত সংবাদ সম্পর্কে জানতে চাইলে তিনি এ প্রতিক্রিয়া জানান।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাকে দেশে ফেরাতে দুই দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে পরবর্তী সময়েও একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে।
গত ১২ নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের দুটি শর্তের কথা উঠে আসে। এর মধ্যে একটি ছিল মানবতাবিরোধী অপরাধের মামলায় পুনর্বিচার অথবা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নিশ্চিত করা। পরে ১৪ নভেম্বর ভারতের দ্য টেলিগ্রাফ অনলাইন বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘ভারত নিজের দেশে ডিনোভো ট্রায়ালের (পুনর্বিচারের) বিধান বাতিল করলেও বাংলাদেশকে পুনর্বিচারের পরামর্শ দিচ্ছে। একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার আইনগত সুযোগ নেই। এই জাতীয় বিষয়ের এইসব উদ্ভট বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি।’
ভারত শুরু থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে চলা বিচারিক কার্যক্রম সম্পর্কে অবগত ছিল উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, তখন কেন তাকে বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হতে কিংবা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পরামর্শ দেওয়া হয়নি।
আমিনুল ইসলাম বলেন, ‘ভারত সরকার যে সরকার এডভাইস করতেছে (পুনর্বিচারের), ভারত তো এই মামলার ট্রায়াল প্রসিডিং (বিচারিক কার্যক্রম) শুরু থেকেই জানে। তাদের আশ্রয়ে- প্রশ্রয়ে আসামি আছেন। ভারত তখন কেন তাদের অতিথিকে (শেখ হাসিনাকে) এডভাইস করলেন না যে, আপনি (শেখ হাসিনা) বাংলাদেশে যান, গিয়ে বিচারটা মোকাবেলা করেন। অথবা কেন বললেন না যে আপনি ইন টাইম (নিনর্ধারিত সময়ের মধ্যে) গিয়ে আপিল করেন। তা না করে আপিলের সময় পার করলেন, বিচারের সময় পার করলেন। আর এখন আইসা আবার আমাদেরকে এডভাইস করছেন যে আপনি ডিনোভো ট্রায়াল করেন।’
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারা অনুযায়ী, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। নির্ধারিত সময় অতিক্রমের পর আপিল গ্রহণযোগ্য নয় বলে ধারাটিতে উল্লেখ রয়েছে।
২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফলে তার রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময়সীমা আগেই শেষ হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম আরও বলেন, ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা ও কার্যপ্রণালি বিধিমালা প্রণয়ন করা হয়। আওয়ামী লীগ সরকার ২০২৪ সাল পর্যন্ত একই আইন ও বিধিমালা অনুসরণ করে ট্রাইব্যুনাল পরিচালনা করেছে।
তিনি বলেন, ‘বর্তমান সরকার আপিলের বিধানসংক্রান্ত কোনো ধারা পরিবর্তন করেনি। আইনে যে বিধান রয়েছে, সে অনুযায়ীই বিচার হচ্ছে। আইন অনুমতি না দিলে সরকার, ট্রাইব্যুনাল বা চিফ প্রসিকিউটর, কেউই আপিলের (শেখ হাসিনাকে) সুযোগ দিতে পারেন না।’
এদিকে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করতে পারবেন কি না, সে বিষয়েও চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান সাংবাদিকরা। তবে এ প্রশ্নের উত্তর দেওয়া তার এখতিয়ারের মধ্যে পড়ে না বলে জানান আমিনুল ইসলাম।
শেখ হাসিনার পুনর্বিচার ও আপিলের বিষয়ে চিফ প্রসিকিউটরের এই অবস্থানের ফলে তাকে দেশে ফেরত আনার কূটনৈতিক প্রক্রিয়ায় ভারতের পরবর্তী সিদ্ধান্ত এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।














মন্তব্যসমূহ