রাজধানীর ধানমন্ডি এলাকায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত সীমার বাইরে না যেতে এবং ফুটপাত দখল করে হকার বা অন্য কাউকে বসতে না দিতে ব্যবসায়ীদের কড়া নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় উচ্ছেদ অভিযান শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান। পরে সায়েন্সল্যাব থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান ধানমন্ডি লেক এলাকায় গিয়ে শেষ হয়।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ধানমন্ডি মূলত একটি আবাসিক এলাকা হলেও এখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানকে অবশ্যই তাদের নির্ধারিত সীমানার মধ্যে থেকে ব্যবসা পরিচালনা করতে হবে। কোনোভাবেই ফুটপাতে চলে এসে হকার বা অন্য কাউকে বসানো যাবে না।
নগরীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক জরিপে যেসব এলাকাকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে ধানমন্ডিও রয়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বা ‘ক্রাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হচ্ছে এবং মশক নিধনে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, সাধারণ মানুষের ওপর যেন কোনো ধরনের চাপ সৃষ্টি করা না হয়। ককটেল ফোটানো বা গাড়িতে আগুন দেওয়ার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। জনগণের সমর্থন পেতে হলে আগামী পাঁচ বছর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন যদি জনকল্যাণমূলক কিংবা পরিচ্ছন্নতাসংক্রান্ত কোনো কর্মসূচি গ্রহণ করে, তবে সিটি করপোরেশন তাদের সর্বাত্মক সহযোগিতা করবে। পরিশেষে ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সবার সহযোগিতা কামনা করেন তিনি। অভিযানকালে সিটি করপোরেশনের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।














মন্তব্যসমূহ