গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলায় পৃথক দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক প্রবাসীর ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল এবং চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে পৃথক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে দুবাই প্রবাসী নিশাত ঢালীর বাড়ির এক পাশে অবস্থিত একটি খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পেছনে থাকা বসতবাড়ির ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই প্রবাসী নিশাত ঢালীর ১৩টি বসতঘর, খাবার হোটেল ও ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়।
অপরদিকে, একই দিন সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মহাসড়কের পাশে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। দ্রুত আগুন পুরো দোকানে এবং পাশের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি এবং কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি, তবে ঘরবাড়ি ও দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।














মন্তব্যসমূহ