রক সংগীতের জনপ্রিয় শিল্পী জেমসের নগরবাউলসহ দেশের ছয়টি পরিচিত ব্যান্ডকে নিয়ে রাজধানীতে বসছে বিশেষ সংগীতের আসর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর সলিডারিটি’। প্রায় সাত ঘণ্টার এ আয়োজনে দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে; কনসার্ট উপভোগ করতে কোনো টিকিট লাগবে না।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কনসার্টে নগরবাউল ও জেমসের পাশাপাশি অংশ নেবে ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক। অর্থাৎ একই মঞ্চে গান পরিবেশন করবে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড।
আয়োজকদের সূচি অনুযায়ী, শনিবার বিকেল ৩টায় দর্শকদের জন্য ভেন্যুর প্রবেশপথ খুলে দেওয়া হবে। সংগীতানুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। প্রায় সাত ঘণ্টা ধরে চলবে এ আয়োজন।
কনসার্টের ঘোষণা দিয়ে ব্যান্ড ওয়ারফেজের পক্ষ থেকে শ্রোতাদের উদ্দেশে বলা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংগীতের সুরে উদযাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।’
সাম্প্রতিক সময়ে দেশের উন্মুক্ত স্থানে সংগীতানুষ্ঠানের আয়োজন কমে এসেছে। গত দুই বছরে নিরাপত্তাজনিত কারণে বেশ কিছু কনসার্ট বাতিলও হয়েছে। এমন প্রেক্ষাপটে এক মঞ্চে সাতটি জনপ্রিয় ব্যান্ডের অংশগ্রহণে ‘কনসার্ট ফর সলিডারিটি’ সংগীতপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করতে পারে।














মন্তব্যসমূহ