মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর কংগ্রেসে ডেমোক্র্যাটদের সম্ভাব্য ক্ষমতা বৃদ্ধি নিয়ে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। এর মধ্যেই নিজের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু না করতে ডেমোক্র্যাটদের সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন উদ্যোগ নেওয়া হলে দলটি রাজনৈতিকভাবে বড় ক্ষতির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের পর এটিই ছিল সেখানে তার প্রথম বক্তব্য।
ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতে পাওয়ার পর ডেমোক্র্যাটরা তার বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নিতে পারে—এমন আশঙ্কা তিনি করছেন কি না। জবাবে তিনি বলেন, ‘না, না, না- একটুও না। আমার মনে হয়, তারা যদি এমনটা করে, তাহলে ডেমোক্র্যাট পার্টিই ধ্বংস হয়ে যাবে।’
অভিশংসনের জন্য কোনো যৌক্তিক কারণ নেই বলেও দাবি করেন ট্রাম্প। ডেমোক্র্যাটরা কী অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেবে, সেই প্রশ্নও তোলেন তিনি। তার ভাষায়, ‘একটি সফল দেশ গড়ে তোলার জন্য’ তাকে অভিশংসনের চেষ্টা করা হবে।
তবে কংগ্রেসে ডেমোক্র্যাটদের সঙ্গে সহযোগিতার সম্ভাবনাও উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, বিরোধী দল ধ্বংসাত্মক কোনো পদক্ষেপ না নিলে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা ধ্বংসাত্মক কিছু করতে না চাইলে ডেমোক্র্যাটদের সঙ্গে সম্ভবত আমার ভালো সম্পর্ক থাকবে। তবে আমার হাতে ভেটো ক্ষমতা রয়েছে।’
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের ফলে আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার কথা রয়েছে। এতে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের ওপর নজরদারি ও তদন্ত পরিচালনার সুযোগ বাড়বে দলটির। পাশাপাশি কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতার শক্তি ব্যবহার করে প্রেসিডেন্টের বিভিন্ন নীতির বিরোধিতা করার সুযোগও পাবে তারা।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নিজের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সম্ভাব্য অভিশংসন উদ্যোগ নিয়ে উদ্বেগের কথা অস্বীকার করেছেন ট্রাম্প। নির্বাচনের পর রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে যেতে থাকা বিরোধী দলের প্রতি তার এই সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া














মন্তব্যসমূহ