ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রথমবারের মতো নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি-অর্ন ক্যামেরা এবং প্রতিটি ভোটকেন্দ্রে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে সরাসরি এই পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল থেকে ভোটগ্রহণ শুরুর পর নির্বাচন ভবনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেলে সরাসরি মনিটরিং ব্যবস্থা সক্রিয় দেখা যায়। এই সমন্বয় সেলে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), সেনাবাহিনী, বিমানবাহিনী এবং আনসার সদস্যদের যৌথ দল সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মিললে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৬ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। পুরো আসনে মোট ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট পরিচালনার দায়িত্বে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা মিলিয়ে নিয়োজিত রয়েছেন মোট ৩ হাজার ১৫২ জন নির্বাচন কর্মকর্তা। এছাড়া এ উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে ২৯৫ জন ভোটার আবেদন করেছিলেন, যার মধ্যে প্রবাসী ২৯টি আবেদনসহ মোট ২৮৯টি অনুমোদন পায় এবং ত্রুটির কারণে ৬টি বাতিল করা হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে বিপুল ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সে সময় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। পরবর্তীতে ২১ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতায় তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। আসনটি শূন্য ঘোষিত হওয়ার পর নির্বাচন কমিশন এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
চলমান এই উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল লড়াইয়ে রয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহোদর ছোট ভাই মির্জা ফয়সল আমীন এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন। এ ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
মন্তব্যসমূহ