বাংলাদেশ আর মাত্র তিন বছর পর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশে উত্তরণ করবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এই বৈশ্বিক উত্তরণের সঙ্গে সংগতি রেখে দেশের অভ্যন্তরীণ নাগরিক সেবা ও অবকাঠামোগত সক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুরে সিলেট নগরীর তালতলায় আধুনিক ‘সিলেট সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন’-এর নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেট অঞ্চলের জনসংখ্যা এবং বসতির ঘনত্ব দিন দিন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে আধুনিক নাগরিক সেবার চাহিদাও বাড়ছে বহুগুণ। এ জনপদের বিপুলসংখ্যক প্রবাসী বিশ্বের বিভিন্ন উন্নত দেশে বসবাস করায় নাগরিক সেবার আন্তর্জাতিক মান সম্পর্কে তাঁদের সরাসরি অভিজ্ঞতা রয়েছে। ফলে প্রবাসী অধ্যুষিত সিলেটে সব ধরনের নাগরিক সেবার মান বিশ্বমানে উন্নীত করা অত্যন্ত জরুরি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে যুগোপযোগী ও বিশ্বমানের জরুরি সেবাদানকারী সংস্থায় রূপান্তর করতে সরকারের গৃহীত উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি সেবাপ্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি হিসেবে তিনি নিজেই এ বিষয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন।
সিলেট সদর ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ আগামী ১৫ মাসের মধ্যে সম্পন্ন করার কড়া তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, পুরো এলাকার জননিরাপত্তা এই প্রকল্পের সঙ্গে জড়িত। ফায়ার সার্ভিসের কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যান এবং দুর্যোগ মোকাবিলায় দায়িত্ব পালন করতে গিয়ে অতীতে অনেকেই আত্মাহুতি দিয়েছেন। তাঁদের এই নিষ্ঠা, ত্যাগ ও শ্রমের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, অগ্নিকাণ্ড ও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় ফায়ার সার্ভিসের ভূমিকা অপরিসীম।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার এবং গণপূর্ত অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমদ।
এ সময় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিমসহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ