চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে জাপানের চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত জ্বালানি জায়ান্ট ‘জেরা’ (JERA)-এর স্থলভিত্তিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও তাপবিদ্যুৎ কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) স্থানীয় সময় দুপুর আড়াইটায় (বেলা ২টা ৩০ মিনিট) তিনি ফুতসুর সুবিশাল এই জ্বালানি কমপ্লেক্সে পৌঁছান এবং সেখানকার বিভিন্ন কারিগরি অবকাঠামো ও পরিচালন কার্যক্রম ঘুরে দেখেন।
জাপানের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাপনা, গভীর সমুদ্রে জাহাজ থেকে এলএনজি খালাস, বৃহৎ স্থলভিত্তিক ট্যাংকে সংরক্ষণ এবং তা থেকে পরিবেশবান্ধব উপায়ে আধুনিক প্রযুক্তির সাহায্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সার্বিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করতে প্রধানমন্ত্রীর এ পরিদর্শনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিবেচনা করা হচ্ছে।
জাপানের জ্বালানি খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জেরা (JERA) দেশটির বিদ্যুৎ উৎপাদন ও আন্তর্জাতিক এলএনজি সরবরাহ চেইনের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। বিশেষ করে অত্যাধুনিক টারবাইন ও উন্নত রুগাসিফিকেশন প্রযুক্তির সমন্বয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদনে বৈশ্বিক সুনামের অধিকারী এই প্রতিষ্ঠান।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট জাপানি প্রকৌশলী ও কর্মকর্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফুতসু টার্মিনালের পরিচালনা কৌশল এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফ করেন।
বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাসের চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখা, এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোর পরিচালন দক্ষতা আধুনিকায়নে উন্নত দেশের কারিগরি অভিজ্ঞতা কাজে লাগানো জরুরি হয়ে পড়েছে। এ ক্ষেত্রে জাপানের উন্নত প্রযুক্তি, নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থাপনা এবং কার্বন নিঃসরণ কমানোর আধুনিক পদ্ধতি বাংলাদেশে প্রয়োগের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এ পরিদর্শনের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে উচ্চপর্যায়ের প্রযুক্তি বিনিময়, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ যৌথ বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হতে পারে।
উল্লেখ্য, বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহযোগিতার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে চার দিনের সরকারি সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্তব্যসমূহ