পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন তারেক রহমানকে

- আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 10
বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফাসিহ উল্লাহ খানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে টেলিফোনে কথা বলেন শেহবাজ শরিফ ও তারেক রহমান। এ সময় পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে বিএনপির নির্বাচনী বিজয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান তিনি।
পাকিস্তান হাইকমিশনের বার্তায় আরও উল্লেখ করা হয়, দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের প্রসঙ্গ তুলে শেহবাজ শরিফ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে বাণিজ্য, শান্তি এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে দ্বিপাক্ষিক সমন্বয় জোরদারের কথাও উঠে আসে।
ফোনালাপকে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ হিসেবে উল্লেখ করে বার্তায় বলা হয়েছে, দুই নেতা সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও স্মরণ করেন এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার ভূমিকার প্রশংসা করেন।
এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। বিএনপি চেয়ারম্যানও আমন্ত্রণের প্রতিউত্তর দিয়েছেন বলে বার্তায় জানানো হয়েছে।
এর আগে একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায়ও শেহবাজ শরিফ তারেক রহমানকে অভিনন্দন জানান। ওই বার্তায় তিনি বাংলাদেশে নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়ার আগ্রহের কথা জানান।





























