তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

- আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 7
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ‘আমার তারেক ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনে বিএনপির বড় জয়ের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি তারেক রহমান, তার দল এবং অন্যান্য দলকেও শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বাংলাদেশের ভাই-বোন ও জনগণকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন এবং আগাম রমজান মোবারক বলছেন। একই পোস্টে তিনি বাংলাদেশের নির্বাচনে “বিপুল জয়ের” কথা উল্লেখ করে তারেক রহমানকে ‘আমার তারেক ভাই’ বলে সম্বোধন করেন এবং বিএনপিসহ অন্য দলগুলোকেও অভিনন্দন জানান। তিনি সবার মঙ্গল কামনা করে বলেন, সবাই ভালো থাকুক, সুখে থাকুক।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে—এটাই তার প্রত্যাশা।
উল্লেখ্য, বৃহস্পতিবার সারা দেশের ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলার পর গণনা শুরু হয়। রাতের মধ্যেই বিভিন্ন আসনে ফল ঘোষণা হতে থাকে।





























