জামায়াত আমীর ও এনসিপি আহ্বায়কের বাসায় যাচ্ছেন তারেক রহমান

- আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 14
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর রাজনৈতিক সৌজন্যতার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির দায়িত্বশীল সূত্রের বরাতে বাংলা ভিউজকে জানিয়েছে, আগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রথমে বসুন্ধরায় জামায়াত আমিরের বাসায় যাবেন তারেক রহমান। এরপর তিনি বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন বলে সূত্রটি দাবি করেছে।
সূত্র আরও জানিয়েছে, বিএনপি যে “ইতিবাচক রাজনীতির সূচনা” করতে চায়, তারই ধারাবাহিকতায় নির্বাচনের পর দলের প্রধান প্রতিদ্বন্দ্বি রাজনৈতিক শক্তিগুলোর নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন দলের শীর্ষ নেতা।
উল্লেখ্য, নির্বাচনের আগেও রাজনৈতিক যোগাযোগ ও সংলাপ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান তারেক রহমানকে উন্মুক্ত আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। একই বিষয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে তারেক রহমানকে সাড়া দেওয়ার আহ্বান করেছিলেন।
রাজনীতির বিশ্লেষকদের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে শীর্ষ নেতাদের এমন সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যৎ রাজনৈতিক সমঝোতা, সংসদীয় সহযোগিতা এবং জাতীয় ইস্যুতে সংলাপের সম্ভাবনা বাড়াতে পারে।
























