ঢাকা-১৬ আসনে পুনঃনির্বাচনের দাবি, গেজেট স্থগিত চাইলেন আমিনুল হক

- আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 9
ঢাকা-১৬ আসনে ভোট ইঞ্জিনিয়ারিং ও ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে গেজেট প্রকাশ স্থগিত করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন ধানের শীষের প্রার্থী মো. আমিনুল হক। শনিবার রাজধানীর পল্লবীতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন কমিশনের প্রতি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে আমিনুল হক অভিযোগ করেন, প্রশাসন ও প্রতিপক্ষ প্রার্থীর যোগসাজশে তার “নিশ্চিত বিজয়” ছিনিয়ে নেওয়া হয়েছে। তার দাবি, ঢাকা শহরের কয়েকটি আসনে একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে এবং এর অংশ হিসেবেই ঢাকা-১৬ আসনে কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে।
তিনি পল্লবী বিদ্যানিকেতন কেন্দ্রের একটি ফলাফল শিট প্রদর্শন করে বলেন, প্রথমে সেখানে ধানের শীষ প্রতীকে ৪৫৬ ভোট, আম প্রতীকের তারিকুল ইসলাম ৫৮৩ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে শূন্য ভোট দেখানো হয়। পরে ওই শিট ছিঁড়ে দাঁড়িপাল্লা প্রতীকের ঘরে ৪৫৬ ভোট বসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনাকে তিনি “স্পষ্ট জালিয়াতি” হিসেবে আখ্যা দেন।
আমিনুল হকের দাবি, তার কাছে এমন ৩০টির বেশি ফলাফল শিট রয়েছে যেখানে কোনো পোলিং এজেন্টের স্বাক্ষর নেই। অনেক কেন্দ্রে প্রিসাইডিং অফিসার নিজেই সিল মেরেছেন বলে ভিডিও প্রমাণও রয়েছে বলে জানান তিনি।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি আরও বলেন, ভোটের আগের রাতে কয়েকটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গিয়ে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, যা আইনত দণ্ডনীয়। বিষয়টি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।
উল্লেখ্য, এ আসনে জামায়াত প্রার্থী মো. আব্দুল বাতেন ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ধানের শীষের প্রার্থী আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট। ভোটের ব্যবধান ৩ হাজার ৩৬১।
এ সময় বাতিল হওয়া ৩ হাজার ৭৪৪ ভোটের প্রসঙ্গ তুলে আমিনুল হক বলেন, এসব ভোট গণনায় এলে ফলাফল ভিন্ন হতে পারত। এছাড়া বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
























