বিএনপির ভূমিধস বিজয়ে পাকিস্তান প্রেসিডেন্টের বার্তা

- আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 11
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি
শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জারদারি বিএনপির বিজয়ের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে সফল ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান তিনি।
বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট উল্লেখ করেন, গণতান্ত্রিক অংশীদারত্ব এবং যৌথ অগ্রগতির লক্ষ্যে পাকিস্তান তার সমর্থন অব্যাহত রাখবে। তার এই বক্তব্য বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
এদিকে বেসরকারি ফলাফলে দেখা গেছে, দুই-তৃতীয়াংশের কাছাকাছি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা যায়, ২৯৯টি আসনের মধ্যে ঘোষিত ফল অনুযায়ী ‘ধানের শীষ’ প্রতীকে বিএনপি প্রার্থীরা জয় পেয়েছেন ১৭৫টি আসনে।
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীরা পেয়েছেন ৫৬টি আসন। জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জয়ী হয়েছেন ১১টি আসনে। আরও ৪২টি আসনের ফলাফল তখনও প্রক্রিয়াধীন ছিল।
ফলাফল অনুযায়ী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে আগে থেকেই জানানো হয়েছিল। আর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে।





























